রাজারকুলে মেম্বার শামসুল আলমকে মামলায় জড়ানোর প্রতিবাদে সভা

0
4

রামু প্রতিনিধি
রামুর রাজারকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলমকে একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামী করার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজারকুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-পরিষদের মেম্বার যথাক্রমে ছৈয়দ নুর হোছাইন, শামসুল আলম, ফরিদুল আলম, সরওয়ার কামাল, আবদুর রহিম, আবদুল গফুর, সাহাব উদ্দিন, রিটন বড়–য়া, মহিলা ইউপি সদস্য আসমাউল হোসনা, আল্পনা শর্মা, আঙ্গুর প্রভা বড়–য়া ও ইউপি সচিব সচিন্দ্র কুমার ধর।
সভায় বক্তারা বলেন-সম্প্রতি জমি নিয়ে দুটি পক্ষের বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি পক্ষ থানায় দায়েরকৃত মামলায় অহেতুক ইউপি সদস্য শামসুল আলমকে আসামী করে। অথচ বিরোধীয় জমি নিয়ে ইউপি সদস্য শামসুল আলম কোনভাবে সম্পৃক্ত ছিলেন না। এমনকি কোন পক্ষেও ভূমিকা রাখেননি। এরপরও এলাকার একটি কুচক্রী মহল মামলার বাদিকে বিভ্রান্ত করে এ মামলায় ইউপি সদস্য শামসুল আলমকে আসামী করে।
সভায় পরিষদের চেয়ারম্যান এবং সকল মেম্বারবৃন্দ ইউপি সদস্য শামসুল আলমকে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান।
এলাকাবাসী জানিয়েছে-ইউপি সদস্য শামসুল আলম অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের। তিনি কখনো কোন বিরোধে জড়ান না। জনকল্যাণে তিনি সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউপি নির্বাচনে আবারো শামসুল আলম নির্বাচন করলে বিপুল ভোটে জয়ী হবেন। এজন্য এলাকার একটি দুষ্টচক্র মামলার বাদি আবদুল মোনাফকে কৌশলে ম্যানেজ করে মামলার এজাহারে মেম্বার শামসুল আলমের নাম জড়িয়ে দিয়েছে। যা পুরো ইউনিয়নবাসীর জন্য দুঃখজনক। এলাকাবাসী অবিলম্বে এ মামলা থেকে ইউপি সদস্য শামসুল আলমের নাম প্রত্যাহার এবং এ ঘৃন্য অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল রাতে রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষই থানায় পৃথক মামলা দায়ের করেন। এরমধ্যে গত ২১ এপ্রিল মৃত আহমদ ছফার ছেলে আবদুল মোনাফ বাদি হয়ে দায়েরকৃত মামলায় ইউপি সদস্য শামসুল আলমকে অভিযুক্ত করা হয়। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

আগেরামুর চাকমারকুলে সৌদি প্রবাসীর জমি জবর-দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পরেকক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী পরিদর্শনে মন্ত্রী পরিষদের যুগ্ন সচিব