
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারে পেকুয়ায় জয়নালকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি আমির হোসেন বুলুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে শিলখালী ইউপির জারুলবুনিয়াস্থ সাপের গাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বুলু মগনামা ইউপির বহদ্দার পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের পুত্র।
পেকুয়া থানার এসআই হেবজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জয়নাল হত্যা মামলার আসামী বুলু শিলখালীর সাপেরগাড়া পাহাড়ে অস্ত্রসহ অবস্থান করছে। আমরা ওসি পেকুয়ার নির্দেশে একদল পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কানন সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে। জয়নাল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের দায়ে মামলা রুজু করা হয়েছে।
এদিকে জয়নাল হত্যা মামলার আসামি বুলু গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। তারা দ্রুত বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবী জানান।













