
পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকা থেকে ববি আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ববি আকতার মালেশিয়ায় প্রবাসে থাকা স্বামী আবুল কাশেমের স্ত্রী ও চকরিয়া উপজেলার বদরখালীর ৩নং ঘোনার ছৈয়দ মিয়ার মেয়ে।
মৃতদেহ রাতে উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার এসআই মিন্নত আলী। তিনি জানান, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রবাসী কাশেমের মা ছমুদা বেগম (৫০) বলেন, বুধবার রাতে ববি আমার ছেলে সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলতে বলতে গলায় রশি পেচিয়ে ঘরের চালের তীরের রশি বেঁধে ঝুলিয়ে আত্মহত্যা করেন। গত কিছু দিন আগে ববি বাপের বাড়ি থেকে এসেছে। এর পর থেকে কি কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে এ সম্পর্কে কিছু জানিনা।
তবে নিহতের পিতা ছৈয়দ মিয়া বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাইতে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।













