
উখিয়া প্রতিনিধিঃ
উখিয়ার মরিচ্যা চেকপোস্টে ১ লক্ষ ২৫ হাজার ইয়াবাসহ তোফায়েল (১৯) নামে এক কারবারীকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী একটি সিএনজিও। আটক তোফায়েল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকার আমিনুল হকের পুত্র। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে পাচারকারী সহ ইয়াবা আটক করে।
বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা করে প্রচুর পরিমাণ ইয়াবা পাচারের একটি গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি। বেলা সাড়ে ১২ টার দিকে একটি সিএনজি অটোরিকশাকে থামানো সংকেত দেয়। ওই গাড়ির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ১২ কার্ডে এবং ১ প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. বাদশা মিয়ার বলে চালক জানিয়েছেন। তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক চালককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।













