
পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় কাটাবন্দুক ও ৮ রাউন্ডগুলিসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক জয়নাল আবেদীন পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা নামে একজন পালিয়ে যায়। পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।













