মহেশখালীতে ড্রেজার ডুবে নিখোঁজ ২

0
6

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারে বঙ্গোপসাগরের মহেশখালীর ধলঘাট পয়েন্টের দক্ষিণে হাঁসের চর এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে দুটি ড্রেজার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছে।

ঘটনাটি বুধবার (৮ জুন) ঘটলেও তা জানানো হয় শুক্রবার (১০ জুন)। এতে সংশ্লিষ্ট মহলে তোড়জোড় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুন) সন্ধ্যা সাতটার দিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে দুটি ড্রেজার ডুবে যায়। সেখানে থাকা তিন শ্রমিক সাঁতার কেটে টাগবোটে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ থেকে যায়।

নিখোঁজ শ্রমিকেরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো, রমজান আলী(৫৩) ও মহেশখালী মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)।

নিখোঁজ দুই শ্রমিক মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করে  আসছে। নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এই প্রসঙ্গে মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্ব হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান জানিয়েছেন, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করে আসছেন। প্রকল্পে বালু আনলোডিংয়ের কাজ শেষ হওয়ায় বুধবার বিকাল সাড়ে চারটায় পাঁচজন শ্রমিক নিয়ে দুইটি ড্রেজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিলেন। কিন্তু সন্ধ্যায় সাতটার দিকে ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওইদুটি ড্রেজার ডুবে যায়। এ সময়  শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠলেও সাজ্জাদ হোসেন ও রমজান আলী নামের দুই শ্রমিক নিখোঁজ থেকে যায়।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের  নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন বলেন, দুটি ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। তাই নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত দুই শ্রমিকের কোন সন্ধান মেলেনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, বিভিন্ন স্থানে পুলিশ নিখোঁজ দুই শ্রমিকের খোঁজ নিচ্ছে।

আগেউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে হত্যা: গ্রেপ্তার ৩
পরেসিসিইউতে ভর্তি খালেদা জিয়া