
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে দুই যুবককে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রামু চৌমুহনী ভিক্টর প্লাজার সামনে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হলেন, উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দ্বীপ শ্রীকুলের নিরধন বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়া(৩৪) ও শুভধন বড়ুয়ার ছেলে দিপক বড়ুয়া(৩৩)।
এসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগী টিপু বড়ুয়া(৩৪) জানান, চৌমুহনীতে অবস্থিত তার মটর সার্ভিসিং এর দোকান বন্ধ করে আরেক সহযোগী দিপক বড়ুয়াসহ দ্বীপ শ্রীকুলে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ভিক্টর প্লাজার সামনে গেলে একটি সিএনজিযোগে পাঁচ-ছয় জন অজ্ঞাত লোক এসে মুহুর্তেই এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে এসিড নিক্ষেপের পর পর স্থানীয়রা এই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে দুই যুবকের অবস্থা আংশাজনক বলে জানান স্বজনেরা।
এই এসিড হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর রামু শাখার সভাপতি মাস্টার আলম। তিনি বলেন, পরপর দুই যুবকের উপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এমন নৃশংস হামলায় কাউকে গ্রেফতার করতে না পারা প্রশাসনের এক ধরণের ব্যর্থতা।
জানা গেছে, এর আগে গতমাসেও এই দুই যুবকের উপর হামলার ঘটনা ঘটেছিলো। রামু মৈত্রী বিহারের সামনে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা এই দুই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে ঘটনায় রামু থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা হলেও এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামু থানা পুলিশ।
ভুক্তভোগী টিপু বড়ুয়ার চাচা বিমল বড়ুয়া মুঠোফোনে বলেন, গতরাতে ঘটনার পরপরই তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের সাথে কারো শত্রুতা নেই। টিপু ও দিপক সুস্থ হয়ে উঠলে হয়তো কিছু জানা যাবে।
ঘটনার বিষয়ে রামু থানার পরিদর্শক(তদন্ত) অরূপ কুমার চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,কয়েকজন মিডিয়াকর্মীর কাছ থেকে বিষয়টি শুনেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।













