
প্রেস বিজ্ঞপ্তি:
ঘরে ঘরে কুরআন-সুন্নাহর আলোকরশ্মি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মুসলিম মহিলাদের স্বচ্ছ দ্বীনি শিক্ষাদানের প্রত্যয়ে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হাফেজ পড়ায় মারকাযুল উলুম আল-ইসলামিয়া নামে একটি স্বতন্ত্র মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর), বেলা ১১ টায় দু’আ মাহফিলের মাধ্যমে নতুন এ মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিক অভিযাত্রা সূচিত হয়।
জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজের সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, এ মাদ্রাসার সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, তরুণ আলেমেদ্বীন মাওলানা সিরাজুল মোস্তফার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ হাসান। প্রধান অতিথি ছিলেন, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, এলাকার প্রবীণ আলেমেদ্বীন মাওলানা অছিউর রহমান, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মাওলানা মোহাম্মদ জাকের, চাকমারকুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম, রাজারকুলের সাবেক মেম্বার মোহাম্মদ আসেম, পশ্চিম রাজারকুল আশরাফিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফুল করিম, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রাজারকুল ইউপি সদস্য এরশাদুল্লাহ, তরুণ আলেমেদ্বীন মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা আব্দুল করিম, হাফেজ ওসমান গণি প্রমুখ।
এছাড়াও দ্বীন অনুরাগী এলাকাবাসী, বিশিষ্ট মুরুব্বীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থধারার সমাজবিনির্মাণে ইসলামী শিক্ষার বিকল্প নেই। দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত নারী-পুরুষের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে সুন্দর -সুশৃঙ্খল ও সুসংহত সমাজ সভ্যতা। কিন্তু আমাদের সমাজে নানা প্রতিকুলতা ও সুষ্ঠুধারার মহিলা মাদ্রাসার অপ্রতুলতার কারণে অধিকাংশ নারী দ্বীনি শিক্ষা গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত থেকে যায়। এমতাবস্থায় স্বতন্ত্রধারার মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ। এতদঞ্চলের মহিলাদের মাঝে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এ মাদ্রাসা নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে এলাকাবাসীসহ মু’মিন-মুসলমানদের দু’আ, পরামর্শ ও সহযোগিতা করা ঈমানী কর্তব্য।
অনুষ্ঠান শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ।













