
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুর শ্রীকুল এলাকা থেকে রহমত উল্লাহ (৪২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল এলাকায় থেকে রামু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
রহমত উল্লাহ ঐ গ্রামের মৃত গোরা মিয়ার ছেলে।মরদেহ উদ্ধারের সময় নিহতের জামার পকেটে একটি চিরকুট পাওয়া যায়।
এতে লেখা ছিল আমার এই পৃথিবীতে বেচেঁ থাকতে মন ছাইছে না। তাই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। সবাই আমাকে মাপ করে দিবেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিজ ঘরের বারান্দার তীরের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় রহমতের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহমতের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
প্রতিবেশী ও পারিবারিক সুত্রে জানা যায়, রহমত ও তার সহধর্মিণী রোজিনা আক্তারের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিলো। বিগত দুই মাস ধরে তার স্ত্রী পিত্রালয়ে অবস্থান করছিল। আজ মৃত্যুর খবর পেয়ে শ্বশুরালয়ে স্বামীকে দেখতে ছুটে আসেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোছাইন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রহমত একজন প্রতিবন্ধি সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পারিবারিক কলহের কারনে তার সাংসারিক জীবন ভাল যাচ্ছিল না। হয়তো এসব সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।













