স্কুল কর্তৃপক্ষের অবহেলায় ৪৫ ছাত্রছাত্রীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের চরম অবহেলার কারনে ৪৫ জন ছাত্রছাত্রীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্দ শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিদ্যালয়ের দরজা-জানালাও ভাংচুর করতে উদ্যত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে- বিদ্যালয় কর্তৃপক্ষের গাফেলতির কারণে ফরম পূরণে ব্যাপক অনিয়ম, রেজিষ্ট্রশনে ভুলের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান, মারোয়ান, সরওয়ার কামাল ও সুপ্রিয়া দেবী জানান- করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় ৮ম শ্রেণিতে তাদের রেজিস্ট্রেশন করা হয়নি। স্কুল খোলার পর প্রধান শিক্ষক ও অফিস সহকারি রেজিস্ট্রেশন করে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে খরচ ও রেজিষ্ট্রেশন ফি বাবদ টাকা নেন। ওইসময় বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হন। পরে তারা নবম শ্রেণির রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানালে প্রধান শিক্ষক ও অফিস সহকারি তাদের ৮ম ও ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন এক সাথে করে দেয়ার আশ্বাস দেন। এহেন আশ্বাসে লেখাপড়া করে তারা দশম শ্রেণিতে উত্তীর্ণ হন। আগামী রবিবার তাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু শেষ মূহুর্তে এসেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র দিতে পারেনি। ফলে তাদের এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি এবার এসএসসি পরীক্ষা দিতে না পারলে তাদের আবারও অষ্টম শ্রেণি থেকে পড়ালেখা শুরু করতে হবে। অর্থাৎ তাদের শিক্ষাজীবন ৩/৪ বছর পিছিয়ে যাবে। তাদের মতো অভিভাবকরাও এটা কিছুতে মেনে নিতে পারছেনা।
এ ঘটনায় তারা গত ২৫ এপ্রিল কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখনো কোন সমাধানের লক্ষণ তারা দেখছেনা।

এসএসসি পরীক্ষার্থী রয়েছ উদ্দিন জানান- তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কিন্তু রেজিষ্ট্রেশন কার্ডে তার বিভাগ উল্লেখ করা হয়েছে বাণিজ্য। বিদ্যালয় কর্তৃপক্ষকে এ নিয়ে বারবার তাগদা দেয়া সত্ত্বেও তা সংশোধন করা হয়নি। এছাড়া একদিন পর এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কিন্তু তার প্রবেশপত্র বিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারছে না।

এদিকে ক্ষুব্দ শিক্ষার্থী ও অভিভাবকরা শুক্রবার, ২৮ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গন ও রামু চৌমুহনী ষ্টেশনে সড়ক অবরোধ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারির শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় দীর্ঘ যানজন সৃষ্টি হয়। খবর পেয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান। এসময় ওসি বিক্ষোভরত শিক্ষার্থীদের সন্ধ্যায় ইউএনও সহ বৈঠক করে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থী-অভিভাবকরা সড়ক থেকে সরে যান।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আহমদ জানান- সকল শিক্ষকদের সাথে আলাপ করে পাশ করার উপযোগি শিক্ষার্থীদের ফরম পূরণ করার সুযোগ দেয়া হয়েছে। কিছু অনিয়ম ও ভুলের জন্য তিনি বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল আলম ও অফিস সহকারি অনু বড়ুয়ার গাফেলতি ছিলো বলে জানান।

রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা জানিয়েছেন- বিষয়টি সমাধানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বৈঠক করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাবোর্ডের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

 

আগেকক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির ঈদ পূনর্মিলনী ও মাসিক সভা সম্পন্ন
পরেপার্বত্য চট্টগ্রামে সর্বত্র শান্তির পায়রা উড়ছে- নাইক্ষ্যংছড়িতে বীর বাহাদুর