
হাসান তারেক মুকিম:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের ১০ গ্রামের মানুষের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী মোঃ রাসেল মিয়া প্রকাশ ডাকাত রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে কচ্ছপিয়ার উত্তর টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গর্জনিয়া পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আটক মোঃ রাসেল মিয়া(৩৮) কচ্ছপিয়ার উত্তর টেকপাড়ার বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে রামু থানায় অস্ত্র ও নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, সন্ত্রাসী রাসেল এলাকায় একটি মূর্তিমান আতঙ্কের নাম। দীর্ঘদিন থেকে তার গ্রুপ কর্তৃক অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধ কর্মকান্ডে চরম শঙ্কিত ও আতঙ্কগ্রস্থ ছিল ১০ গ্রামের মানুষ। গভীর রাতে প্রায় সময় গর্জনিয়া-কচ্ছপিয়া এবং নাইক্ষ্যংছড়িতে সশস্ত্র মহড়া দিয়ে মিয়ানমারের চোরাই গরু, ইয়াবা ও স্বর্ণ পাচার করতেন বলেও অভিযোগ করে জানান স্থানীয়রা।
সন্ত্রাসী মোঃ রাসেল মিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, সে দীর্ঘ দিন পাহাড়ি গহীন অরন্যে পলাতক ছিল। অনেকদিন যাবৎ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিলেন, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে রামু থানায় অস্ত্র ও নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন আইসি মাসুদ রানা ।













