
রামু প্রতিনিধি:
জনকল্যাণমুখি স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি ফাউন্ডেশনের কক্সবাজার সদর শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার, ৩ নভেম্বর লিংকরোডস্থ ছফুরা ম্যানশনের ২য় তলায় কক্সবাজার সদর শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। সূর্যের হাসি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নুরুল হক বুলবুলের সভাপতিত্বে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল।
নুরুল আবছার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সূর্যের হাসি ফাউন্ডেশনের শিক্ষা উপদেষ্টা রোমানা আফরোজা, উপদেষ্টা আব্দুল খালেক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, অসহায় মানুষের খোঁজে (অমাখোঁ) এর প্রতিষ্ঠাতা শরিয়ত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- সূর্যের হাসি ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সালে জাতি সংঘ ভলান্টিয়ার্স বাংলাদেশ কর্তৃক ১০ টি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে এ সংগঠন স্থান পেয়েছিলো। সংগঠনটি বর্তমানে ১৭টি সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। শিক্ষা, চিকিৎসা, গৃহায়ন এর মধ্যে অন্যতম। যুবসমাজকে সম্পৃক্ত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষে সূর্যের হাসি ফাউন্ডেশনের কক্সবাজার সদর শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এরমাধ্যমে নেতৃত্বের বিকাশ, জীবনমুখি শিক্ষা এবং সেবার মানসিকতা সৃষ্টি করে দেশের কল্যাণে কাজ করতে যুব সমাজকে উদ্ধুদ্ধ করা হবে।
এতে আরও বক্তব্য রাখেন- জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি রিদুয়ানুল করিম, সূর্যের হাসি ফাউন্ডেশন রামু উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, কক্সবাজার সদর শাখার সহ সভাপতি রাশেদুল আজিজ, সাধারণ সম্পাদক মিসবাহ্ উদ্দিন প্রমূখ।
শুরুতে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ফিতা কেটে সূর্যের হাসি ফাউন্ডেশন কক্সবাজার সদর শাখার কার্যালয় উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন- মাওলানা আবুল কাশেম।













