
হাসান তারেক মুকিম:
জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছাত্রদল নেতা মুজিবুর রহমান(২০) এর খোঁজ নেই ছয় দিন ধরে। তাঁর পরিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ, হাসপাতাল সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েছে। কোথাও তাঁর হদিস নেই।
গত ছয় দিনে মুজিবের সন্ধানে তাঁর পিতা-মাতা, ভাই-বোন পাগলপ্রায়। নিখোঁজ মুজিবুর রহমান রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকার মোঃ ফয়েজ উল্লাহর পুত্র। সে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির ভূমিকায় ছিলেন।
এ ঘটনায় নিখোঁজ মুজিবের পিতা ফয়েজ উল্লাহ গত বৃহস্পতিবার রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার (১৯ মে) সকালে খুনিয়া পালংয়ের ধেছুয়া পালং বড় ডেবা নিজ কম্পিউটারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তার ছেলে মুজিব। যথা সময়ে বাড়িতে ফিরে না আসায় তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মুজিবুর রহমানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জিডিতে উল্লেখ করেছেন তার পিতা।

রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সানাউল্লাহ জানান, মুজিবুর রহমান ছাত্রদলের একজন পরিক্ষিত কর্মী, জুলাই ছাত্র আন্দোলনেও ছিল সাহসী ভূমিকায়। হঠাৎ করে কেন তাঁর এই নিরুদ্দেশ, তা নিয়ে সংগঠনে চলছে নানা আলোচনা। তার সন্ধানে রামু উপজেলা ছাত্রদল কাজ করছে বলে জানান।
রামু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যায়েদ বিন আমান জানান, উখিয়া কলেজ থেকে এইস এসসি পাশ করা মুজিবুর রহমান জুলাই ছাত্র অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা। ঢাকায় লং মার্চের আন্দোলনে তার অনস্বীকার্য ভূমিকা ছিল। হঠাৎ তার নিখোঁজে আমরা ভীত শঙ্কিত।
যোগাযোগ করা হলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, নিখোঁজ মুজিবুরের পিতা ২২ মে একটি জিডি করেন। পুলিশ বিষয়টি নিয়ে আন্তরিকতার সহিত কাজ করছে।














