
আহমদ গিয়াসঃ
কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর ওপারে হাতির ঝিলের আদলে আবাসন প্রকল্প ও ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খুরুশ্কুলকে ‘স্মার্ট সিটি’ বানানোর ঘোষণা দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। আজ ৭ অক্টোবর বিশ্ব আবাসন দিবস উপলক্ষে গতকাল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের বলেন, এ প্রকল্পের অধীনে খুরুশ্কুলকে শহরের সাথে একীভূত করে বাঁকখালী নদীকে হাতিরঝিলের আদলে সাজানো হবে। এ আবাসন প্রকল্পে স্বল্পমূল্যে প্লট ও ফ্ল্যাট বিক্রি করা হবে। এখানে সকল স্তরের মানুষের জন্যই আবাসন সুবিধা থাকবে। কক্সবাজারের বর্তমান জীর্ণ চিত্রকে পাল্টে দিতে যেসব পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, তারই অংশ হিসাবে খুরুশকুলে এ আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। গতকাল রোববার কক্সবাজার প্রেসক্লাবে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের প্রধান সড়কের সংস্কার কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে জানান কউক চেয়ারম্যান।
তিনি বলেন, এ সড়কের সর্বনিম্ন প্রশস্ততা ৪৫ ফুট। অধিগ্রহণ ছাড়াই সড়কের যতটুকু জমি পাওয়া গেছে তার পুরোটাই কাজে লাগানো হবে। সড়কে থাকবে লাইটিং, ফোয়ারাসহ সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা। কক্সবাজার শহরের ময়লা আবর্জনাসহ নানা দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কউক চেয়ারম্যান ফোরকান আহমদ বলেন, কক্সবাজার শহরের রক্ষণাবেক্ষণ পুরোপুরি হচ্ছে না। অনেক কিছু শুধুই কাগজে-কলমে বন্দী রয়েছে। এখনো বর্জ্যে ভরে থাকে শহর।
তিনি পৌর মেয়রকে ইঙ্গিত করে বলেন, যার কাজ তাকেই করতে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে, আপনারা না করলে আমরা সেই কাজে হাত দেবো। সরকারকে বলে আমরা কাজ নেবো।’
শহরের বর্জ্য ব্যবস্থাপনা উপর কউক’র কাজ করার আগ্রহের কথা জানিয়ে কউক চেয়ারম্যান বলেন, ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি প্রকল্প আমরা বাস্তবায়ন করবো।সভায় কউক শীর্ষ কর্মকর্তাসহ কক্সবাজারের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সুত্রঃ দৈনিক আজাদী।













