
নিজস্ব প্রতিবেদক:
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক মেম্বার ও গত ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ ওসমান গণির বিরুদ্ধে জমি ক্রয় করে ২৮ লাখ টাকা পরিশোধ না করার অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার মৃত নূরুল আলমের পুত্র নূরুল ইসলাম ভুট্টো এই অভিযোগ করেছেন। গতকাল শনিবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুট্টো।
লিখিত অভিযোগে জানান, নূরুল ইসলাম ভুট্টো তার মালিকানাধীন শহরের অবস্থিত একটি জমি ২০১৩ সালে ৪৫ লাখ টাকা দরদামে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক মেম্বার ও গত ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ ওসমান গণিকে বিক্রি করেন। এর জন্য ১৭ লাখ টাকা অগ্রিম দিয়ে বায়নানামা করা হয়। এক পর্যায়ে ওই বছরের ২৩ জুন ওই জমির দলিল রেজিস্ট্রি হয়। মোট ৪৫ লাখ টাকা বাবদ অবশিষ্ট ২৮ লাখ টাকা কয়েকদিন পরে শোধ করার অঙ্গীকার করেন ক্রেতা মোঃ ওসমান গণি। আত্মীয়তার সুবাধে সরল বিশ্বাসে ওই ২৮ লাখ টাকার বিপরীতে চেক বা কোনো কাগজপত্র নেয়নি নূরুল ইসলাম ভুট্টো। কিন্তু জমি রেজিস্ট্রি নিয়েই প্রতারণার আশ্রয় নেয় মোঃ ওসমান গণি। কয়েকদিন পর অবশিষ্ট ২৮ লাখ পরিশোধের অঙ্গীকার করলেও তা ভঙ্গ করেন তিনি। জমির মালিক নূরুল ইসলাম ভুট্টো টাকাগুলো চাইলে কালক্ষেপণ করতে থাকে। তারপরও আত্মীয় হওয়ায় দীর্ঘদিন সয়ে গেছেন নূরুল ইসলাম ভুট্টো। এক পর্যায়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন লোকজনের কাছে নালিশ করলেও টাকা পরিশোধ করেনি মোঃ ওসমান গণি। বার বার আশ্বাস দিয়ে দিয়ে ৬ বছর অতিবাহিত করেছে। তবুও একটি টাকাও শোধ করেনি।
নূরুল ইসলাম ভুট্টো অভিযোগ করে বলেন, ‘শেষ পর্যায়ে এসে প্রতারক ওসমান গণি টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করছে। টাকা চাইলে উল্টো আমাকে প্রাণনাশ এবং মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। বাধ্য হয়ে বার বার সালিশ ডাকলেও তাতে কোনো সাড়া দিচ্ছেন না তিনি। সম্প্রতি প্রতারক ওসমান গণির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগটির তদন্ত চলছে।’
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী জমির মালিক নূরুল ইসলাম ভুট্টো বলেন, ব্যবসায় পুঁজি খাটানোর জন্যই আমি বাধ্য হয়ে ওই জমিটি বিক্রি করেছিলাম। কিন্তু প্রতারক ওসমান গণি আমাকে শেষ করে দিয়েছে। তার প্রতারণায় আমি সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন আমার পথে বসার উপক্রম হয়েছে। পরিবার-পরিজন নিয়ে চরম দুঃসহ অবস্থায় দিন কাটাচ্ছি। তাই প্রতারক ওসমান গণির কাছ থেকে আমার টাকাগুলো উদ্ধার করে দেয়ার জন্য আমি প্রশাসনের কাছে আকুল আহ্বান জানাচ্ছি।













