রামুতে মহাসড়কের ব্রিজের মুখ বন্ধ করে চেয়ারম্যানের মার্কেট নির্মাণ

0
6

 

হাসান তারেক মুকিম:

কক্সবাজারের রামুর রশিদ নগরে ব্রিজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম। এদিকে স্থাপনা নির্মাণ করা জমির মধ্যে সরকারি খাস জমিও রয়েছে বলে অভিযোগ রয়েছে। রামু উপজেলা পরিষদে খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্রিজের মুখ বন্ধ করে ভবন নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি।

নিয়মবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় পানি চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি ওই এলাকার রাস্তাঘাট- ফসলি জমিতে জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ওই কাজ বন্ধ করে জনগনকে ক্ষতির হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন।

সরজমিনে পরিদর্শনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রশিদ নগর স্টেশনের প্রধানতম ব্রিজের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান শাহ আলম। বর্তমানে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালায়ের কাজ চলমান রয়েছে। 

রশিদ নগরের ছাত্রলীগ নেতা মোঃ নজিব বলেন, মহাসড়কের উপর গুরুত্বপূর্ণ ব্রিজটির দুপাশে শত শত স্থাপনা-ঘরবাড়ি ও কৃষিজমি রয়েছে। বিশাল জনগোষ্ঠির পানি নিস্কাষনে অন্যতম মাধ্যম এ ব্রিজটি নিঃসন্দেহে স্থানীয় জনজীবনে গুরত্ববহন করে আছে। সারা বছর বিলের পানি এ ব্রিজের নিচ দিয়ে ওঠা নামা করে। ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউপি চেয়ারম্যান শাহ আলম ব্রিজের মুখ বন্ধ করে মার্কেট করায় পানি চলাচলা বন্ধ হয়ে যাবে। বর্ষাকালে বৃষ্টির পানি জমে শুস্ক মৌসুমে মানুষের বসতভিটা ও জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। ফলে চাষাবাদ ব্যাহত হবে। তিনি স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে পানি চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এই ভবন নির্মিত হলে ব্রিজ দিয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। এতে করে সড়কের পূর্ব ও পশ্চিম পাশের অসংখ্য মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়বে।

রশিদ নগর ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, উপজেলা পরিষদ ও কউক থেকে ভবনের অনুমোদন নিয়েছেন। এছাড়া পানিপ্রবাহের জন্য  জায়গা ফাঁকা রেখেছেন বলে জানান।

রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাহমিদা মুস্তফা জানান, কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আগেরামুতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ পরিদর্শনে মাউশি গবেষণা কর্মকর্তা
পরেদুই টাকায় হাসিঘর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ