
নিজস্ব প্রতিনিধিঃ
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।
তিনি জানান, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং ট্রলারটি নিয়ে সাগরে যান জেলেরা। পরে বিকেলে মাছ নিয়ে অলিপাড়া ঘাটে ভিড়েন তারা। পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাদের কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।













