সিবিকে:
কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় উপজেলায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বোটের মালিকসহ আরো দু’জন।
রোববার (১৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে আক্কাস (২২), দক্ষিণ ধূরুং কাঁচা এলাকার ছাবের আহমদের ছেলে মো. করিম (২৮) এবং পেকুয়া মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকায় মো. হোসেনের পুত্র মোঃ রমজান আলী।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লাপাড়া এলাকায় বেড়িবাঁধের বাইরে নৌ ফিশিং ঘাট থেকে মালামাল কিনতে বাঁশখালী যাওয়ার মুহূর্তে বজ্রপাতের শিকার হন আক্কাস, করিমসহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস ও করিমকে মৃত ঘোষণা করেন এবং আহত ইমতিয়াজ ও রমিজকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামশ্য দেন।
অন্যদিকে একই সময়ে সাগরে মাছধরা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন পেকুয়ার মো. রমজান আলী। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের পরিবারের শোকের মাতম চলছে। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারিয়ে হয়ে উঠেছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে